Technology

1 week ago

WhatsApp Alert: হঠাৎ ‘রিভিউ’-তে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট! ২৪ ঘণ্টা বন্ধ ব্যবহার, উদ্বেগে বিশ্বজুড়ে বহু ইউজার

WhatsApp Account Verification Issue
WhatsApp Account Verification Issue

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বর্তমান সময়ে ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে অফিসের কাজ—সবকিছুর অন্যতম ভরসা হোয়াটসঅ্যাপ। কিন্তু সোমবার রাত থেকে আচমকাই সমস্যার মুখে পড়েন বিশ্বের বহু ব্যবহারকারী। অ্যাপ খুলতেই অনেকের স্ক্রিনে ভেসে ওঠে একটি বার্তা—তাঁদের অ্যাকাউন্ট পর্যালোচনার আওতায় রয়েছে। ফলে আপাতত ২৪ ঘণ্টার জন্য অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে না। কোনও আগাম সতর্কতা না থাকায় স্বাভাবিকভাবেই চরম ভোগান্তিতে পড়েছেন ইউজাররা।

হোয়াটসঅ্যাপ সূত্রে জানা গিয়েছে, ব্যবহারকারীরা অ্যাপের পরিষেবার শর্তাবলি মেনে চলছেন কি না, তা যাচাই করতেই এই পর্যালোচনা প্রক্রিয়া চালানো হচ্ছে। সংশ্লিষ্ট বার্তায় জানানো হয়েছে, অ্যাকাউন্টের কার্যকলাপ এবং ডিভাইস সংক্রান্ত তথ্য পরীক্ষা করে দেখা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই পর্যালোচনার ফল জানিয়ে দেওয়া হবে। এই ঘটনার পর থেকেই সমাজমাধ্যম এক্স-এ ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন বহু ব্যবহারকারী। কেউ জানান, অফিসের গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণভাবে হোয়াটসঅ্যাপের উপর নির্ভরশীল। আচমকা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় কাজ ব্যাহত হচ্ছে। আবার অনেকেই দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। 

এ বিষয়ে হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ এবং ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই নিয়মিতভাবে বিভিন্ন অ্যাকাউন্ট পর্যালোচনা করা হয়। সংস্থার দাবি, কোনও ক্ষেত্রে ভুলবশত অ্যাকাউন্ট সীমাবদ্ধ হয়ে গেলে তা দ্রুত সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে যাঁদের অ্যাকাউন্ট রিভিউ-তে রয়েছে, তাঁদের ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যালোচনা সম্পূর্ণ হলেই অধিকাংশ ক্ষেত্রে স্বাভাবিকভাবে পরিষেবা ফের চালু হয়ে যাবে। 

You might also like!