Life Style News

6 days ago

Hanging Plants Ideas: ঝুলন্ত টবে রঙিন ফুলে বদলে দিন ঘরের সৌন্দর্য, বেছে নিন এই ৩ গাছ

Hanging Flower Plants Balcony Decor Natural Home Styling
Hanging Flower Plants Balcony Decor Natural Home Styling

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাড়ি সাজাতে শুধু দামী শৌখিন জিনিস নয়, প্রকৃতির ছোঁয়াও এনে দিতে পারে এক অনন্য সৌন্দর্য। বিশেষ করে ঝুলন্ত টবে লাগানো রঙিন ফুলের গাছ মুহূর্তেই বদলে দিতে পারে ঘরের লুক। বারান্দা, জানলা কিংবা ড্রইংরুম—সব জায়গাতেই এই গাছগুলি এনে দেয় সতেজতা ও নান্দনিকতা। ঝুলন্ত টবের জন্য উপযুক্ত এমন তিনটি সুন্দর ফুলের গাছের খোঁজ রইল আজকের প্রতিবেদনে।

* মিলিয়ন বেল: ঝোপের মতো গাছে যখন ফুল ফোটে, মনে হয় যেন রঙিন ঘণ্টা। সাদা, গোলাপি, লাল— নানা রঙের ছোট ছোট ফুলের থোকা এই গাছ থেকে ঝুলে পড়ে। দেখায় রঙিন ঝর্নার মতো। ঝুলন্ত টব থেকে গাছটিকে কিছুটা নীচের দিকে বাড়তে দিন। তবে গাছটি যেন ঝোপের মতো হয়। এই ধরনের গাছের জন্য ৬-৮ ঘণ্টা সূর্যালোকের দরকার। তবে তীব্র তাপে গাছ শুকিয়ে যেতে পারে। এই গাছের জন্য উপযুক্ত জলনিকাশি ব্যবস্থা যুক্ত মাটি দরকার।

* আইভি জেরানিয়াম: জেরানিয়ামেরই একটি প্রজাতি, তবে আইভি জেরানিয়াম লতানে হয়। উজ্জ্বল, লাল, গোলাপি রঙের হয় এই গাছ। জানলার বাইরের দিকে বক্স করে সেখানে এই গাছ বসাতে পারেন। ঝোপের মতো হয়ে লতানে গাছ যখন নীচে নেমে আসবে, বাড়ির সৌন্দর্যই বদলে যাবে। ৬ ঘণ্টা সূর্যালোকের প্রয়োজন গাছটির বেড়ে ওঠার জন্য। মাটিতে জল বসলে গাছের ক্ষতি, তাই মাটি থেকে যাতে দ্রুত জল বেরিয়ে যায়, দেখতে হবে।

* উইশবোন ফ্লাওয়ার: রঙিন ফুল ফুটে থাকলে মনে হবে প্রজাপতি। ঝুলন্ত টবে বসাতে পারেন এই গাছও। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া গাছের পছন্দ, তবে চড়া রোদে গাছ নষ্ট হতে পারে। হালকা ছায়াযুক্ত স্থানে এই গাছ রাখুন। উপযুক্ত জলনিকাশি ব্যবস্থাযুক্ত মাটি এই গাছের জন্য ভাল।

অল্প যত্নেই এই তিনটি গাছ আপনার ঘরের পরিবেশকে করে তুলতে পারে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়। তাই দামী ডেকোরেশনের বদলে এবার ভরসা রাখুন প্রকৃতির উপরেই।  

You might also like!