Life Style News

1 week ago

Hair care tips: নিষ্প্রাণ চুলে প্রাণের ছোঁয়া! ঘরোয়া পদ্ধতিতে ডিপ কন্ডিশনিং করার সঠিক উপায় ও কিছু অজানা টিপস

DIY Hair Masks
DIY Hair Masks

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রতি মাসে সালোঁয় গিয়ে নিয়ম করে স্পা করান। তাতে চুল হয় রেশমের মতো। জট পড়ার ভয় থাকে না। চুল ঝরা, খুশকির দাপটও খানিকটা বশে থাকে। তবে সবটাই সাময়িক। এর প্রভাব দীর্ঘমেয়াদি নয়। তা ছাড়া রাসায়নিক দেওয়া প্রসাধনী চুলে নিয়মিত ব্যবহার করলে আখেরে ক্ষতিই। তবে কেশচর্চা বিশেষজ্ঞরা বলছেন, ঘরোয়া কিছু উপাদান দিয়ে তৈরি মাস্ক ব্যবহারেও একই রকম ফল মেলে। কী কী দিয়ে তৈরি করবেন হেয়ার মাস্ক?

১) নারকেল তেল, অ্যালোভেরা জেল মাস্ক

ছোট একটি পাত্রে নারকেল তেল এবং অ্যালোভেরা জেল সমপরিমাণে মিশিয়ে নিন। এমন ভাবে মেশাবেন যেন তা ফুলে ফোমের মতো হয়ে যায়। এ বার চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে এই মিশ্রণ মেখে নিন। অন্ততপক্ষে আধ ঘণ্টা রেখে দিন। ড্রাই, ড্যামেজ, ফ্রিজ়ি চুলের জন্য এই মাস্ক অব্যর্থ।

২) ডিম, ইয়োগার্ট মাস্ক

নিষ্প্রাণ, শুষ্ক, রুক্ষ চুলে দারুণ কাজ করে ডিম এবং ইয়োগার্টের মাস্ক। একটি ডিমের সঙ্গে ৩ টেবিল চামচ টক দই ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ মাথায় মেখে রাখুন অন্ততপক্ষে আধ ঘণ্টা। দুর্বল, পাতলা চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে বিশেষ ভাবে সাহায্য করে এই মাস্ক।

৩) কলা, মধুর মাস্ক

ঘরোয়া মাস্ক হিসেবে কলা এবং মধুর মাস্ক দারুণ। একটি পাকা কলা এবং এক টেবিল চামচ মধু ভালো করে ব্লেন্ড করে নিন। চুলে এই মিশ্রণ মেখে রাখুন ৩০ মিনিট। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে শ্যাম্পুও করতে পারেন। অনেকে আবার এই টোটকা মুখেও মাখেন। ত্বক এবং চুলের জেল্লা বজায় রাখতে এই মাস্ক বেশ কাজের।

৪) দই, মেথি

চুল পড়া, খুশকির সমস্যায় দারুণ কাজ করে দই, মেথির মাস্ক। একইসঙ্গে চুলের জেল্লাও বজায় রাখে। আগের দিন রাত থেকে মেথি ভিজিয়ে রাখুন। পরের দিন মিক্সিতে বেটে নিন। এ বার মেথি বাটার সঙ্গে পরিমাণমতো টক দই মিশিয়ে বানিয়ে ফেলুন মাস্ক। আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

You might also like!