kolkata

1 week ago

West Bengal Assembly Election: কলকাতা বন্দরে বিজেপির প্রার্থী হলেন রাকেশ সিং

BJP Leader Rakesh Kumar Singh
BJP Leader Rakesh Kumar Singh

 

কলকাতা, ৮ এপ্রিল : সোমবার কলকাতা হাই কোর্ট থেকে জামিন পান রাকেশ সিং। বিচারপতি কৌশিক চন্দ বিজেপির এই নেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। জল্পনা ছিল, রাকেশকেই এবার কলকাতা বন্দরে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রার্থী করতে পারে বঙ্গ বিজেপি নেতৃত্ব। বুধবার সেই জল্পনায় সিলমোহর পড়ল। মঙ্গলবার কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী তথা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে আক্রমণ শানিয়েছিলেন রাকেশ।

বিধানসভা নির্বাচনের জন্য এর আগে বিজেপি পর্যায়ক্রমে একাধিক দফায় সব মিলিয়ে ২৯২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাঁকুড়ার জয়পুর আসনটি আদিবাসী কুড়মি সমাজকে ছেড়ে দিয়েছে তারা। শুধুমাত্র কলকাতা বন্দর আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি ছিল। এই আসন, অর্থাৎ কলকাতা বন্দরেই বিজেপির প্রার্থী হিসাবে রাকেশ সিংয়ের নাম ঘোষণা করল বিজেপি।

প্রসঙ্গত, বিজেপি নেতা রাকেশের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠেছে। এবার কসবা থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। সেই মামলাতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। রাকেশ সিংয়ের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় সংবাদমাধ্যমে বলেন, “আমাদের তরফে আদালতে বলা হয়, ওঁর বিরুদ্ধে যতগুলি মামলা হয়েছে, সব মিথ্যে মামলা। এখন যে মামলাটি বিচারপতি শুনছেন, সেটাও মিথ্যা মামলা। এই মামলা করা হয়েছিল, যাতে উনি জেল থেকে বেরোতে না পারেন। মহামান্য হাইকোর্ট সব শুনে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। বিচারপতি জানিয়েছেন, উনি কলকাতা বন্দর এলাকার বাইরে যাবেন না। ওই বিধানসভা এলাকায় প্রচার করতে পারবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।”

You might also like!