kolkata

3 weeks ago

Fake Call Centre: বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

FAKE CALL CENTRE ARREST FOUR
FAKE CALL CENTRE ARREST FOUR

 

কলকাতা, ২১ আগস্ট : বালিগঞ্জে ভুয়ো কল সেন্টার চালিয়ে বিদেশিদের প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার শাখা। গোপন সূত্রে খবর পেয়ে প্রযুক্তিগত নজরদারি ও তদন্তের ভিত্তিতে বালিগঞ্জের একটি জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তালতলা এলাকায় তল্লাশি চালিয়ে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ল্যাপটপ, ডেস্কটপ ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা বিশেষ করে ব্রিটেনের নাগরিকদের টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মী পরিচয় দিয়ে ফোন করত। ওয়্যারলেস ডেটা পরিষেবা, রিপ্লেসমেন্ট ও কাস্টমার কেয়ারের নাম করে যোগাযোগের পর ভিওআইপি অ্যাপের মাধ্যমে গ্রাহকদের কার্ডের তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ও পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই পদ্ধতিতে বিপুল পরিমাণ পাউন্ড ও ডলার প্রতারণা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, এই চক্রের মূল পান্ডা বিহারের বাসিন্দা। ডার্ক ওয়েব-সহ বিভিন্ন উৎস থেকে বিদেশি গ্রাহকদের ‘লিড’ সংগ্রহ করে সে চক্রের সদস্যদের সরবরাহ করত বলে অভিযোগ।

ধৃতরা হল ফিরদৌস ইকবাল (৩৬), শেখ সাজ্জাদ (৩৬), রূপম টিমোথি বিশ্বাস (২৩) ও শব্বির আলম (৪৭)। উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইস ফরেন্সিক পরীক্ষার পাশাপাশি ডেটা বিশ্লেষণ করা হবে। প্রতারণার অর্থের সন্ধান করে তা ফ্রিজ করার প্রক্রিয়াও শুরু হবে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় কলকাতা সাইবার থানায় ৪৪/২৬ নম্বর মামলা রুজু হয়েছে।

You might also like!