kolkata

2 weeks ago

Nabanna Helpline: দুর্নীতির বিরুদ্ধে নবান্নের হেল্পলাইনে অভিযোগের ঢল, প্রথম দিনেই অন্নপূর্ণা সহ ২ হাজার অভিযোগে সরগরম প্রশাসন

Nabanna
Nabanna

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কাটমানি, সিন্ডিকেট রাজ, বেআইনি মদের কারবার এবং অবৈধ টোল আদায়ের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য চারটি পৃথক টোল-ফ্রি নম্বর চালু করেছে রাজ্য সরকার। আর পরিষেবা শুরুর প্রথম দিনেই নবান্নের কন্ট্রোল রুমে অভিযোগের ঢল নামে। বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রায় দুই হাজার অভিযোগ জমা পড়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তবে অভিযোগের পরিধি শুধু কাটমানি বা বেআইনি মদের ব্যবসাতেই সীমাবদ্ধ থাকেনি। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সমস্যা, বেহাল রাস্তা, নিকাশি ব্যবস্থার দুরবস্থা, জল জমে থাকার অভিযোগ, জমি ও বাড়ি সংক্রান্ত বিবাদ-সহ বিভিন্ন জনস্বার্থের বিষয়েও অসংখ্য ফোন এসেছে নবান্নের কন্ট্রোল রুমে। প্রশাসনের দাবি, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।  

তৃণমূল আমলে প্রায় সব ক্ষেত্রেই দুর্নীতি, সিন্ডিকেট রাজের অভিযোগ সামনে আসছে। তৃণমূল নেতা-কর্মী থেকে প্রাক্তন বিধায়কদের অনেকেই এখন গারদের ওপাড়ে। ক্যাগ রিপোর্টেও দুর্নীতির প্রসঙ্গ উঠে আসছে বলে খবর। সেই আবহে এবার দুর্নীতি-সহ এইসব ইস্যুতে অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বর চালুর সিদ্ধান্ত রাজ্যের। মঙ্গলবার এই নম্বরগুলি চালু করেন মুখ্যমন্ত্রী। প্রথম দিনেই দেখা যায়, প্রায় ২ হাজার অভিযোগ জমা পড়েছে নবান্নে। শুধু দুর্নীতি সংক্রান্ত বিষয়ে নয়, ভাতা, জমি-বাড়ি সংক্রান্ত একাধিক অভিযোগও জমা পড়েছে। 

কাটমানির জন্য ১৫৫৩৩৪, সিন্ডিকেট দুর্নীতি জানাতে ১৫৫৩৩৩৫, বেআইনি ভাবে রাস্তায় ট্যাক্স নেওয়ার বিষয়ে অভিযোগ ১৫৫৩৩৩৭ নম্বরে জানানো যাবে। বেআইনি মদের বিরুদ্ধে অভিযোগ জানাতে ফোন করতে হবে ১৫৫৩৩৩৯ নম্বরে। এক্ষেত্রে প্রধানত যে কোনও প্রকার কাজের জন্য কাটমানি চাওয়া, বালি-পাথর-সিমেন্টের সিন্ডিকেটরাজ, রাস্তায় বেআইনি টোল আদায়, বেআইনি মদের অভিযোগ জানানোকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই নম্বরগুলিতে অভিযোগ জানানো যাবে। তবে এই টোল ফ্রি নম্বরের অপব্যবহার হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। ফোন করে কোনও ভুল তথ্য দেওয়া হলেও ব্যবস্থা নেবে রাজ্য।

রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, প্রত্যেকটি ফোন কল রেকর্ড করা হবে। প্রয়োজন পড়লে ভবিষ্যতে সেই রেকর্ডিং ব্যবহার করা হতে পারে। পুলিশ আধিকারিকরা প্রতিটি অভিযোগ আলাদা আলাদাভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। 

You might also like!