Country

3 weeks ago

Mayawati: জয়ন্তকে নিয়ে মন্তব্য অত্যন্ত লজ্জাজনক, অখিলেশকে জাট সমাজের কাছে ক্ষমা চাইতে হবে, মায়াবতী

BSP supremo Mayawati
BSP supremo Mayawati

 

লখনউ, ২২ আগস্ট : কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরীকে নিয়ে সমাজবাদী পার্টির (সপা) সভাপতি অখিলেশ যাদবের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বহুজন সমাজ পার্টির (বসপা) নেত্রী মায়াবতী। অখিলেশের মন্তব্যকে অমর্যাদাকর ও লজ্জাজনক আখ্যা দিয়ে তিনি রাষ্ট্রীয় লোকদল (আরএলডি), তার নেতা এবং গোটা জাট সমাজের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। শনিবার এক্স-এ পোস্ট করে মায়াবতী বলেন, পুরনো সহযোগী দল আরএলডি এবং তার নেতা সম্পর্কে সপা প্রধানের ‘চব্বনি থেকে রুপয়া বানিয়ে দিয়েছি’ মন্তব্য সম্পূর্ণ অমর্যাদাকর, অশোভন ও লজ্জাজনক। তাঁর দাবি, এই ধরনের অহংকারী ও অগণতান্ত্রিক মন্তব্যের জন্য অখিলেশ যাদবের আরএলডি ও তার নেতার পাশাপাশি চৌধুরী চরণ সিংয়ের পরিবারকে অপমান করার জন্য গোটা জাট সমাজের কাছেও অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত।

মায়াবতীর অভিযোগ, বিরোধী দল তো বটেই, রাজনৈতিক সহযোগীদের সঙ্গেও সপার আচরণ রাজনৈতিক সংকীর্ণতা ও জাতপাতভিত্তিক বিদ্বেষে প্রভাবিত। এর রাজনৈতিক ও নির্বাচনী সুবিধা প্রায়শই বিজেপি পেয়েছে এবং ধর্মনিরপেক্ষ শক্তি দুর্বল হয়েছে বলেও দাবি করেন তিনি। সপা-বসপা-র পুরনো জোটের প্রসঙ্গ তুলে মায়াবতী বলেন, সপার অহংকারী মনোভাবের কারণে ১৯৯৩ সালে মুলায়ম সিং যাদবের সঙ্গে গড়ে ওঠা জোট দ্রুত ভেঙে যায়। এরপর ১৯৯৫ সালের ২ জুন লখনউ স্টেট গেস্ট হাউস-কাণ্ডে তাঁর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। পরবর্তীতে অখিলেশ যাদবের আশ্বাসে লোকসভা নির্বাচনে বসপা ও সপার মধ্যে ফের জোট হয়েছিল। কিন্তু নির্বাচনের ফল অনুকূল না হওয়ায় অখিলেশের ‘অহংকারী ও স্বার্থপর’ মনোভাবের কারণে সেই জোটও ভেঙে যায় বলে দাবি করেন মায়াবতী।

তিনি অভিযোগ করেন, জোটের ক্ষেত্রে সপা শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির কথা ভাবে এবং কাজ হয়ে গেলে ‘গিরগিটির মতো রং বদলায়’। অন্যান্য দলের বিরুদ্ধে অশালীন ও অসংযত ভাষা ব্যবহার করাও সপার পুরনো অভ্যাস বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সর্বসমাজের মানুষকে সপার কথিত সংকীর্ণ ও জাতপাতভিত্তিক রাজনীতি থেকে সতর্ক থাকার আবেদন জানান বসপা প্রধান। অখিলেশ যাদবের পিডিএ—পিছিয়ে পড়া, দলিত ও সংখ্যালঘু—রাজনীতিরও সমালোচনা করেন মায়াবতী। তাঁর অভিযোগ, রাজনৈতিক স্বার্থ অনুযায়ী অখিলেশ কখনও পিডিএ-র ‘পি’কে পিছিয়ে পড়া শ্রেণির সঙ্গে, আবার কখনও পণ্ডিতদের স্বার্থের সঙ্গে যুক্ত করেন। তাঁর দাবি, নিজেদের জাতিগোষ্ঠী ছাড়া অন্যান্য অনগ্রসর শ্রেণি, সংখ্যালঘু এবং উচ্চবর্ণের, বিশেষত ব্রাহ্মণদের স্বার্থরক্ষায় সপা কখনও আন্তরিক ছিল না। মায়াবতী সপার পূর্ববর্তী সরকারগুলির বিরুদ্ধেও দলিত, অনগ্রসর, সংখ্যালঘু ও উচ্চবর্ণের, বিশেষত ব্রাহ্মণদের শোষণ ও নিপীড়নের অভিযোগ তোলেন। তাঁর দাবি, সপা সরকারের সময়ে দুষ্কৃতী, মাফিয়া ও অরাজকতামূলক কাজে যুক্ত ব্যক্তিরা সুবিধা পেয়েছে। আগামী উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সর্বসমাজের মানুষকে সপাকে ক্ষমতায় না ফেরানোর আবেদন জানান তিনি।

You might also like!