Country

3 weeks ago

CJP leaders meet Nadda: নাড্ডার সঙ্গে মুখোমুখি বৈঠক, দাবিদাওয়া নিয়ে আলোচনার আশ্বাস; সংসদ চত্বর থেকে সরানো হল বিক্ষোভকারীদের

CJP supporters meet Union Minister JP Nadda
CJP supporters meet Union Minister JP Nadda

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের সুযোগ পেলেন আন্দোলনকারী প্রতিনিধিরা। বৈঠকে তাঁদের বক্তব্য শোনার পাশাপাশি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস দিয়েছেন নাড্ডা। এক্সে করা এক পোস্টে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, প্রায় দু’ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর তিনি এবং আশুতোষ রঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তাঁদের দাবিদাওয়ার বিষয়গুলি তুলে ধরা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। 

সৌরভের পোস্টে লেখা রয়েছে, ”২ ঘণ্টার অপেক্ষার পর আশুতোষ আর আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন জে পি নাড্ডা। ওঁরই বাড়িতে। তবে দশ মিনিটের জন্য। আমরা একটি চিঠি জমা দিয়েছি, যেখানে আমাদের সব দাবির কথা লেখা রয়েছে। উনি আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ মহলে কথা বলবেন।” ঠিক কী কী দাবি জানিয়েছে ককরোচরা? আশুতোষ রঙ্কা লিখেছেন, ‘আমাদের নিম্নলিখিত দাবিগুলোর বিষয়ে দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের জন্য নাড্ডাজি কিছুটা সময় চেয়েছেন। দাবির মধ্যে রয়েছে সোনম ওয়াংচুকের অবিলম্বে মুক্তি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আত্মহত্যা করা সকল নিট পরীক্ষার্থীর জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ।’ 

এদিকে জানা গিয়েছে, বিক্ষোভকারীদের ইতিমধ্যেই সংসদ চত্বর থেকে সরানো হয়েছে। সংবাদমাধ্যম এএনআইয়ের শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে, সেখানে এখন কোনও বিক্ষোভকারীই নেই। মোতায়েন রয়েছে পুলিশ। উল্লেখ্য, নিটের প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি। গত ২৮ জুন থেকে তিনি যন্তর মন্তরে আমরণ অনশনে বসেছিলেন সমাজকর্মী ৫৯ বছর বয়সি সোনম ওয়াংচুক। তবে ২১ দিনের মাথায় সোনমকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে পুলিশ। হাসপাতাল থেকেই সোমবার তিনটি শর্ত দিয়েছেন সোনম। সরকার যদি সেই শর্তের কোনও একটি মেনে নেয় তবে অনশন প্রত্যহারে তিনি রাজি।   

You might also like!