
নয়াদিল্লি, ১০ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে আরও একটি নতুন পালকের সংযোজন। দীর্ঘ সময় ধরে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের গৌরব অর্জন করেছেন তিনি। ৪,৩৯৯ দিনের নিরবচ্ছিন্ন কার্যকাল সম্পূর্ণ করে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করেছেন। এই উপলক্ষে মোদীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।
অমিত শাহ : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, "দেশের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে জনগণের সেবা করার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মোদীজির এই ১২ বছরের সময়কাল ভারতের গৌরব পুনরুদ্ধার, সাংস্কৃতিক নবজাগরণ এবং দাসত্বের মানসিকতা থেকে দেশকে মুক্ত করার এক অধ্যায়। এই সময়ে নতুন সংসদ ভবন নির্মিত হয়েছে, তিনটি নতুন আইন কার্যকর হয়েছে, নতুন শিক্ষানীতি মাতৃভাষায় চিকিৎসা ও প্রকৌশল শিক্ষার পথ প্রশস্ত করেছে এবং 'আত্মনির্ভর ভারত' গড়ে তোলার সংকল্প প্রতিটি ভারতবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। এই ১২ বছরে একদিকে যেমন দেশের সীমান্ত সুরক্ষিত হয়েছে, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল ও রাম মন্দির নির্মাণ করা হয়েছে, নকশালবাদ নির্মূল হয়েছে এবং প্রতিটি সন্ত্রাসী ঘটনার উপযুক্ত জবাব দিয়ে সন্ত্রাসবাদকে কঠোরভাবে দমন করা হয়েছে; অন্যদিকে, দেশ হীনম্মন্যতার গণ্ডি পেরিয়ে নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি ও সক্ষমতা নিয়ে গর্ববোধ করতে শিখেছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের হারানো আত্মসম্মান ও মর্যাদা পুনরুদ্ধার করা মোদীজির অন্যতম শ্রেষ্ঠ অর্জন।
রাজনাথ সিং : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, "ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ৪,৩৯৯ দিন পূর্ণ করায় নরেন্দ্র মোদীজিকে অভিনন্দন। 'দেশই সর্বপোরি'—এই নীতিতে অবিচল এক অক্লান্ত কর্মযোগী হিসেবে তাঁর কার্যকাল ভারতের প্রতি অটল নিষ্ঠা, জনগণের কল্যাণে দৃঢ় অঙ্গীকার এবং দেশসেবায় এক যুগান্তকারী নেতৃত্বের প্রতিফলন। এই সাফল্য ভারতের জনগণের তাঁর নেতৃত্বের প্রতি অটুট আস্থা এবং সর্বজনীন উন্নয়ন ও সুশাসনের লক্ষ্যে তাঁর নিরলস প্রচেষ্টারই প্রমাণ। গত ১২ বছরে ভারত উন্নয়ন ও বিশ্ব-নেতৃত্বের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে; পাশাপাশি দেশ এক সাংস্কৃতিক ও সভ্যতার নবজাগরণ প্রত্যক্ষ করেছে, যা ভারতকে আরও আত্মবিশ্বাসী ও দৃঢ়চিত্ত করে তুলেছে এবং নিজস্ব ঐতিহ্যের মূলে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।
নির্মলা সীতারমন : প্রধানমন্ত্রী ঐতিহাসিক মাইলফলকে পৌঁছনোয় আনন্দিত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও। তিনি এক্স মাধ্যমে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েছেন। গত ৪৩৯৯ দিন ধরে, প্রধানমন্ত্রী কার্যালয় দেশের নানাবিধ কঠিন পরিস্থিতির মোকাবিলায় অত্যন্ত বলিষ্ঠ ও নির্ণায়ক নেতৃত্ব প্রদান করেছে। এই যাত্রাপথের মূল ভিত্তি হলো ‘অন্ত্যোদয়’। ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’—এই নীতি নিশ্চিত করে যে উন্নয়নের সুফল যেন প্রতিটি নাগরিকের কাছে পৌঁছয়, তা তিনি জাতীয় বা রাজ্যের রাজধানী থেকে যতই দূরে বসবাস করুন না কেন। পাশাপাশি, এটি দেশ গঠনে প্রতিটি নাগরিকের অবদানকেও যথাযথ সম্মান জানায়।
